বাগেরহাটে তেলের পাইপ লিকেজ হয়ে টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রীন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর নামক স্থানে প্লাইউড তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ফ্যাক্টরির বেশকিছু মূল্যবান যন্ত্রপাতি ও মালপত্র আগুনে পুড়ে যায়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। আগুনের ভয়াবহতার মাত্রা বেশি থাকায় খুলনা ও মোংলা থেকে দুটি ইউনিট এনেছি। ছয়টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। কারখানাটির বয়লারে তেল সরবরাহের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্তপূর্বক জানানো হবে।

গ্রীন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডের প্রডাকশন ম্যানেজার মাহবুব হোসেন বলেন, কারখানা চালু অবস্থায় তেলের পাইপ লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। ২০১৮ সালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ভৈরব নদের তীরে কারখানাটি চালু হয়। এ কারখানায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।