রাজশাহীর করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ঈদের পর থেকেই এ জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত সাতদিনে বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪৯ জনের। এর মধ্যে গতকাল ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৫০২ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৩৭ হাজার ৮২৪ জনে। সংক্রমণে বিভাগে শীর্ষে রয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।

গতকাল দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার বলেন, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০২ জনের করোনা সংক্রমণ ধরা পড়ছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এছাড়া বিভাগে করোনার নয়া হটস্পট চাঁপাইনবাবগঞ্জে আরো ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জয়পুরহাটে ৫২, বগুড়ায় ২৬, নাটোরে ২১, নওগাঁয় ২০, পাবনায় ১৫ ও সিরাজগঞ্জে চারজনের করোনা ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় প্রাণ হারিয়েছে তিনজন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মহামারীতে প্রাণহানি দাঁড়াল ৫৯৫ জনে। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩২ হাজার ২৭৯ জন। এর মধ্যে গত একদিনে করোনা জয় করেছেন ৩৪৯ জন। বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কমেছে করোনা ও উপসর্গে মৃত্যু। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টার মধ্যে মারা গেছেন আরো ছয়জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে করোনায়। অন্য চারজনের মৃত্যু হয়েছে সংক্রমণের উপসর্গ নিয়ে।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে আটজন মারা যান। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যান ১৬ জন। রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।