নবনির্মিত বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভবন উদ্ধোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ। আজ সোমবার বেলা পৌনে ১২টায় বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক কলেজ রোডস্থ তিনতলা নবনির্মিত এই ভবনের উদ্ধোধন করেন তিনি।
উদ্বোধনের আগে আইজিপিকে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। এরপর ভবনের ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ড. বেনজীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে আইজিপি গণমাধ্যমে কোন বক্তব্য দেননি।
একদিনের সফরে পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন তিনি। এরমধ্যে বরিশাল পুলিশ লাইন্স মাঠে পুলিশের কল্যান প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যান সভা, বিট পুলিশিং সভা ও পুলিশ লাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন করেন।










