চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ভারত, চীন, জাপান ও রাশিয়া থেকে নতুন কোনো ঋণ প্রতিশ্রুতি পাওয়া যায়নি। একই সঙ্গে নতুন ঋণ প্রতিশ্রুতি মেলেনি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকেও। তবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনসহ (আইডিএ) কিছু সংস্থা ও দেশ থেকে প্রায় ১২১ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে কেবল এডিবি থেকেই মিলেছে ৫৮ কোটি ডলারের প্রতিশ্রুতি। নতুন ঋণ প্রতিশ্রুতি না মিললেও ভারত, চীন, জাপান ও রাশিয়া থেকে এরই মধ্যে চুক্তি হওয়া অর্থছাড় অব্যাহত রয়েছে।

গতকাল সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-অক্টোবরের বিদেশী ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ১৬৬ কোটি ৪৯ লাখ ডলারের ঋণ ছাড় হয়েছে। বিপরীতে নতুন ঋণ প্রতিশ্রুতি মিলেছে ১২০ কোটি ৮৯ লাখ ডলারের।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের চার মাসে সহযোগী দেশ ও সংস্থার কাছ থেকে বাংলাদেশ ১২১ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে ৫৮ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ১ কোটি ২৪ লাখ ডলার এবং অন্যান্য দাতা সংস্থা ও দেশ সাড়ে ৬১ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেখানে নেই এআইআইবি, ভারত, চীন, জাপান ও রাশিয়ার মতো দাতা সংস্থা।

নতুন ঋণ প্রতিশ্রুতি কম এলেও অব্যাহত রয়েছে অর্থছাড়। চার মাসে অর্থছাড় হয়েছে প্রায় ১৬৬ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহযোগী রাশিয়া। চার মাসে ৪০ কোটি ৭৭ লাখ ডলার অর্থছাড় করেছে দেশটি। এরপর আইডিএ ৪০ কোটি ৫২ লাখ ডলার, এডিবি প্রায় ২৫ কোটি, চীন ১৯ কোটি, ভারত ও জাপান ৮ কোটি এবং এআইআইবি ২ কোটি ডলার অর্থছাড় করেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে অর্থছাড় ছিল ১২০ কোটি ডলার।

ইআরডির প্রতিবেদনে ঋণ পরিশোধ বৃদ্ধির তথ্য দেয়া হয়েছে। গত চার মাসে সহযোগী সংস্থা ও দেশগুলো ১৬৬ কোটি ডলার ছাড় করলেও এ সময়ে পরিশোধ করতে হয়েছে ১৫৮ কোটি ডলার। এর মধ্যে ১০২ কোটি ডলার আসল ও ৫৬ কোটি ডলার সুদ। গত অর্থবছরের এ সময়ে ১৪৩ কোটি ডলার পরিশোধ করতে হয় বাংলাদেশকে।