এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ ও হামের উপসর্গ নিয়ে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এছাড়া ২৪ ঘণ্টায় ৭০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে আরো ১ হাজার ১০০ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৮ জন। এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।










