বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরটি-পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন চার মেডিক্যাল টেকনোলজিস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ওই চার টেকনোলজিস্টের লেখা আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সিরাজুল হক, মাহামুদ হাসান নবীন, মিথিলা ফারজানা ও রজনী আক্তারের পাঠানো পৃথক ওই আবেদনে তারা উল্লেখ করেন, তারা বরিশাল বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের সদস্য। যারা প্রত্যেকে জাতির এ দুর্যোগময় মুহূর্তে বঙ্গবন্ধুর আদর্শে দেশের কাজে নিজেদের নিয়োগ করতে চান। তাই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে আগ্রহী।

এ বিষয়ে ওই চার টেকনোলজিস্ট জানান, তারা বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাই নিজেরা স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে পিসিআর ল্যাবে কাজ করতে চান। ফলে তারা ইতোমধ্যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের বরাবরে আবেদন করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার করোনা পরীক্ষায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।