ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ’ অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তরুণদের উদ্দেশ্যে বলেছেন, জীবনে কোনো কিছু ছাড়তে হয় না। যদি একবার রক্তের মধ্যে কিছু মিশে যায়, এর পিছু নিতে হয়। নিজেকে জিজ্ঞেস কর তোমার জীবন কি চায়, তোমার স্বপ্ন কী চায়? স্বপ্নকে অনুসরণ কর। স্বপ্নকে অনুসরণ করলে শীর্ষে পৌঁছা যাবে। জীবনে নতুন কিছু কর।

শনিবার (২৯ নভেম্বর) দুদিনব্যাপী সাভারে ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে আয়োজিত ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি ছিল মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন।

চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্প থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি উদ্যোগকে পুরষ্কারের জন্য মনোনীত করা হয়। পুরষ্কার বিজয়ী তিনটি উদ্যোগের মধ্যে ছিল, প্রতিবন্ধী শিশুদের জন্য অডিওবুক ‘স্টোরিজ অব ইনক্লুশন’, নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প ‘জলশিখা’ এবং শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প ‘গুড্ডু টয়েজ’। প্রথমবারের মতো চেঞ্জমেকার অ্যাওয়ার্ড বিজয়ীরা পাচ্ছেন ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ।

পুরস্কারপ্রাপ্ত তিনটি বাদে বাকি উদ্যেোগুলোর মধ্যে ছিল, কফি বর্জ্য থেকে অলঙ্কার তৈরির প্রকল্প ‘ইকো কেয়ার’, নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব হস্তশিল্প পণ্য তৈরির প্রকল্প ‘উত্তরণ’, পুরনো কাপড় পুনর্ব্যবহার করে চুড়ি ও শাড়ি তৈরির প্রকল্প ‘আরোহণ’, পুরনো কাপড় থেকে পণ্য উৎপাদনকারী ‘ত্রিরি’ ও ব্যাগ তৈরির প্রকল্প ‘প্রেরণা’, শ্রীমঙ্গলের চা বাগানের নারীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্যাড তৈরির প্রকল্প ‘নির্ভয়া’, আখের বর্জ্য থেকে হস্তশিল্পের প্রকল্প ‘শূন্য’, টেক্সটাইল বর্জ্য থেকে ফ্যাশন পণ্য তৈরির প্রকল্প ‘নান্দনিক’ এবং খুলনার একটি গ্রামে কমিউনিটি লাইব্রেরি পরিচালনার উদ্যোগ ‘হিউম্যানিটি পাবলিক লাইব্রেরি’।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ‘সায়েন্স অব ফাইন্ডিং আ ওয়ে’ বা ‘পথ খুঁজে পাওয়ার কৌশল’ শিরোনামে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য দেন।

প্রথম দিনের আয়োজন শুরু হয় অনুপ্রেরণামূলক সেশন ‘ইউথ ভয়েসেস একোয়িং দ্য এসেন্স অব চেঞ্জমেকিং’ দিয়ে। এরপর অনুষ্ঠিত ‘দ্য ওয়ে টু সাকসেস’ বা ‘সাফল্যের পথ’ শীর্ষক বক্তব্যে ব্র্যাকের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের পরিচালক সাফি রহমান খান বলেন, সাফল্যের কোনো সার্বজনীন সংজ্ঞা নেই, প্রতিটি ব্যক্তি তার জীবনযাপনের অভিজ্ঞতা থেকে সাফল্যকে সংজ্ঞায়িত করেন। তিনি বলেন, সমাজ সাফল্যকে সংকীর্ণ ও বস্তুবাদী গণ্ডিতে আবদ্ধ করে রাখে, কিন্তু মানুষের জীবনে সত্যিকার অর্থে যা গুরুত্বপূর্ণ, সেটি এ সংজ্ঞায় প্রতিফলিত হয় না।

অনুষ্ঠানের ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, দেশে রয়েছে হাজারো সমস্যা। আমাদের তরুণেরাই এর সমাধান করবে। তরুণদের এ উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে হয়, সেই লক্ষ্যেই ২০১৮ সালে ‘আমরা নতুন নেটওয়ার্ক (এএনএন)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এএনএন-এর তরুণ সদস্যদের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও সভ্যতার মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন তরুণ-তরুণীসহ অতিথিরা।

কার্নিভালের দ্বিতীয় দিনে থাকছে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের আত্ম-উন্নয়ন, ক্যারিয়ার নির্দেশনা ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময়, আলোচনা, সংলাপ ও কর্মশালাসহ নানা আয়োজন।