বাগেরহাট সদর উপজেলায় বাকিতে পণ্য বিক্রি না করায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মল্লিক দোলোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার রণবিজয়পুর গ্রামের ইমান মল্লিকের ছেলে। হযরত খানজাহান আলী মাজার এলাকায় মুদি দোকান চালাতেন তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় আজ শুক্রবার নিহতের ভাতিজা মল্লিক রাব্বী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সুন্দরঘোনা গ্রামের মহিদ শেখের ছেলে শেখ হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগেরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. রেফাতুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ারের দোকানে কেনাকাটা করতে যান কবির। বিভিন্ন পণ্য প্যাকেট করার পর টাকা না দিয়ে বাকি রাখতে চান তিনি। এতে রাজি না হওয়ায় কবির দোকানে থাকা লোহার রড দিয়ে দোকানির মাথায় একাধিক আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ কবিরকে ওই মুদি দোকান থেকে আটক করে। তাকে গ্রেফতার দেখানোর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন অপরাধী।