বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোকন হোসেন তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কি. মি.) অভ্যন্তরে অবৈধভাবে মাছ ধরার সময় ৮টি ভারতীয় ফিশিং ট্রলারসহ তাদের আটক নৌবাহিনী। পরে গতকাল মঙ্গলবার রাতে সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে তাদের বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করা হয়।
আটক এসব ভারতীয় জেলেদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায়। এ সময় তাদের কাছ থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মন মাছ জব্দ করা হয়েছে। মাছগুলো আজ বুধবার দুপুরে মোংলা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ৫ লাখ ৭ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। প্রাপ্ত অর্থ রাজস্ব খাতে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ৮টি ফিশিং ট্রলারসহ আটক ১৩৫ ভারতীয় জেলেকে মঙ্গলবার রাতে মোংলা থানায় সোপর্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে আটক এসব ভারতীয় জেলেদের আজ বুধবার বিকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।










