বিশ্বকাপের ইতিহাসে সর্ববৃহৎ ও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় পেল অস্ট্রেলিয়া। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়ার দিন নেদারল্যান্ডসকে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ৩৯৯ রানের পাহাড়সম টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাচরা মাত্র ৯০ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনক রেকর্ডের মুখে পড়ে।

বিশ্বকাপে এর আগের বড় জয়টিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে পার্থে আফগানিস্তানকে ২৭৫ রানে হারায় অজিরা। গতকাল দিল্লিতে ডাচদের বিপক্ষে তারা জিতল ৩০৯ রানে। অবশ্য ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি ভারতের। চলতি বছর কেরালায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৩১৭ রানে হারিয়েছিল তারা। নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে তাদের পরেই জায়গা পেল অস্ট্রেলিয়া।

গতকাল চতুর্মুখী আক্রমণে ডাচদের ৯০ রানে আটকে ফেলে অজিরা। স্পিনার অ্যাডাম জাম্পা ৮ রানে চারটি ও পেসার মিচেল মার্শ ১৯ রানে দুটি উইকেট নেন। ১৩ উইকেট নিয়ে চলতি আসরে উইকেট শিকারের চার্টে সবার ওপরে উঠে গেলেন জাম্পা। রানের চার্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪০৭)। 

অজিদের বিশাল এ জয়ের অন্যতম রূপকার ম্যাক্সওয়েল। দিল্লিতে ৭ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ১৮ দিন পর সেই রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল। কাকতালীয়ভাবে গতকাল সেই একই মাঠে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করলেন অজি মিডল অর্ডার ব্যাটার। তার দ্রুততম সেঞ্চুরি ছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া স্টিভ স্মিথ ৬৮ বলে ৭১ ও মার্নুস লাবুশেন ৪৭ বলে ৬২ রান করেন। 

বিশ্বকাপের দ্রুততম ও ওয়ানডের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করলেন ৩৫ বছর বয়সী ম্যাক্সওয়েল। ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে ও পাকিস্তানের শহিদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির কীর্তি আছে। ওই তিনজনের পরই নিজের নামটি লিখিয়ে নিলেন ম্যাক্সওয়েল। এটা ওয়ানডেতে ১৩৪ ম্যাচে তার তৃতীয় সেঞ্চুরি। 

ওপেনিংয়ে নেমে ৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। এটা তার ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিপক্ষেও সেঞ্চুরি করেন এ বামহাতি ব্যাটার। বিশ্বকাপে ষষ্ঠ ও সব মিলিয়ে ওয়ানডেতে ২২তম সেঞ্চুরি পেলেন ওয়ার্নার। বিশ্বকাপ সেঞ্চুরিতে রোহিত শর্মার (৭) পরই এখন এই অজি ওপেনার। 

পাকিস্তানের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান মিচেল মার্শ গতকাল ৯ রান করে সাজঘরে ফেরার পর ওয়ার্নার দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ১৩২ রান ও তৃতীয় উইকেটে মার্নুস লাবুশেনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন। উইকেটকিপার জস ইংলিশ ১২ বলে ১৪ রান করে আউট হন। ছয় নম্বরে নামা ম্যাক্সওয়েলের সঙ্গে ওয়ার্নারের জুটি এক রানের। ওয়ার্নার শিকার হন ফন বিকের (২৬৭/৫)। তখন খেলা বাকি ১০.৫ ওভারের। এটুকু সময়ের মধ্যেই সেঞ্চুরি তুলে নিয়ে অজিদের সংগ্রহটাও চারশ ছুঁই ছুঁই করে দেন ম্যাক্সওয়েল। ফন বিকের বলে আউট হওয়ার আগে ৯ চার ও ৮ ছক্কায় মনোহরি ইনিংসটি খেলেন এই ডানহাতি ব্যাটার।

আইপিএলের নিয়মিত মুখ হওয়ার কারণে ভারতের স্টেডিয়ামগুলো তার হাতের তালুর মতোই চেনা। কাল সেটি তিনি প্রমাণও করলেন চার-ছক্কার ফুলঝুরিতে।  

ম্যাক্সওয়েলকে সুযোগ্য সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্স। এ দুজন মাত্র ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন। এর মধ্যে কামিন্সের অবদান মাত্র ৮, আর ম্যাক্সওয়েলের ৯১! এটাই প্রমাণ করছে, কতটা বিস্ফোরক ছিলেন ম্যাক্সওয়েল।

রেকর্ড গড়ার এই দিনে শেষ ১০ ওভারে ১৩১ রান তুলেছে অস্ট্রেলিয়া। আগের দিন মুম্বাইতে বাংলাদেশের বিপক্ষে শেষ ১০ ওভারে ১৪৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। 

ডাচ বোলারদের মধ্যে লোগান ফন বিক ৭৪ রানে চারটি ও বাস ডি লিডি ১১৫ রানে দুটি উইকেট নেন। ডি লিডি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ার পেসার মিক লুইস ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ ও একই দেশের স্পিনার অ্যাডাম জাম্পা এ বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রান খরচ করেন। 

ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এবারের বিশ্বকাপ আসরে অত্যন্ত বাজে সূচনা হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। যদিও এরপর ধীরে ধীরে ফিরে আসে প্যাট কামিন্সের দল। শ্রীলংকা ও পাকিস্তানকে টানা হারিয়ে তারা ভালোভাবেই টিকে থাকে সেমির রেসে। গতকালের জয়ের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থান সংহত করল। নিট রানরেটও (১.১৪২) শক্তিশালী করেছে তারা।  

শনিবার সকালে ধর্মশালায় ট্রান্স-তাসমান লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ভালো ব্যবধানে জিতলে কিউইদের টপকে টেবিলের তিনে উঠে যাওয়ার সুযোগ রয়েছে অজিদের। নেদারল্যান্ডসের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। শনিবার দুপুরে কলকাতায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৯৯/৮ (ম্যাক্সওয়েল ১০৬, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২; ফন বিক ৪/৭৪, ডি লিডি ২/১১৫)। নেদারল্যান্ডস: ২১ ওভারে ৯০/১০ (বিক্রমজিৎ সিং ২৫, তেজা নিদামানুরু ১৪; জাম্পা ৪/৮, মিচেল মার্শ ২/১৯)। ফল: অস্ট্রেলিয়া ৩০৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।