বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন। গতকাল বিকাল ৫টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার কিছু পরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বগুড়া জেলা তথ্য অফিসের প্রজেকশনিস্ট ফিরুজুল ইসলাম জানান, সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান চারদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। গতকাল দুপুরের পর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা টেস্ট করা না হলেও তার করোনার সব লক্ষণ ছিল। হাসপাতালে নেয়ার পর পরই তিনি মারা যান। তার জ্বর ও সর্দি ছাড়াও প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল।
মজিবর রহমানের জন্ম ১৯৬৫ সালের ৩০ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগে সম্মানসহ এমএসসি করেন। ১৯৯৫ সালের জুলাই মাসে বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, কুড়িগ্রামে সহকারী তথ্য কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন মজিবর রহমান। এর পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলা তথ্য অফিসের কর্মকর্তা হিসেবে তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র ও সরকারের উন্নয়ন তথ্য প্রচারের দায়িত্ব পালন করেন।
মজিবর রহমানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।










