বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ওমর ফারুক খান (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার বেলা ১২টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে বগুড়া জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে।

ওমর ফারুক খান বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিএনপি নেতা ওমর ফারুক খানের করোনা ভাইরাস পজেটিভ ছিলেন নিশ্চিত করেছেন। ওমর ফারুক খানের মৃত্যুর বিষয়টি বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক নিটু নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার জানান, ওমর ফারুক খান করোনা আক্রান্ত বগুড়ায় বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। গত ৬ দিন আগে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে ওমর ফারুককে ঢাকার ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে।