পার্বত্য জেলা খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৯টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্য বাবু চাকমা ওরফে রিঝাং (৩০) ও বানছড়া গ্রামের বাসিন্দা সুদীব্য কান্তি চাকমা (২৫)। উপজেলার ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা বাবু চাকমার বাবার নাম সুশীল ভূষণ চাকমা ও সুদীব্য কান্তি চাকমার বাবা নাম বীরেন্দ্র মোহন চাকমা। 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, সকালে বানছড়া গ্রামে সুদীব্য কান্তি চাকমার বাড়ির উঠানে বসে তার সঙ্গে দাবা খেলছিলেন বাবু চাকমা। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হয়ে অতর্কিতে ব্রাশফায়ার করে। ঘটনাস্থলেই বাবু চাকমা ও সুদীব্য কান্তি চাকমার মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা এ হামলাকে কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও একটি জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করে দায়ীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।