জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল বিকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি, জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি, এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এ সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে। জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ঘোষণা হতে পারে না। এর কারণ, হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের মূল্য জনগণ দেবে, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে।’
সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলে। রাষ্ট্রীয় মূল্যনীতিতে শুধু হিসাবের ভারসাম্য নয়, সামাজিক ন্যায় ও মানুষের বহনক্ষমতাকেও গুরুত্ব দিতে হবে।’
সভাপতির বক্তব্যে মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিবহন, কৃষি, পণ্য উৎপাদন ও বাজারমূল্যে সরাসরি প্রভাব ফেলে। এর শেষ বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট কেএম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, নুরুল আমিন প্রমুখ।










