মেডিকেল ট্যুরিজম ও পানি ব্যবস্থাপনা খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রতি চীনের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ইত্যাদিসহ একাধিক অগ্রাধিকার খাতে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত চীন বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে বলেন, বস্ত্র খাত, জ্বালানি, হালকা প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি চীনের রাজনৈতিক ও উন্নয়নমূলক সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দ্রুত ও জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকটের সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামগুলোতেও বাংলাদেশের পক্ষে চীনের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন ও কানাডা বাংলাদেশকে বাণিজ্যের বহুমুখীকরণ এবং বিনিয়োগে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দিয়েছে ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তাদের আলোচনায় বাণিজ্য খাত, যার মধ্যে বাণিজ্যের বহুমুখীকরণ এবং স্থিতিশীলতা বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত ছিল। কানাডার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে কানাডার সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল অনুষ্ঠিতব্য ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।










