ব্যাংক অব আমেরিকাকে ২৫ কোটি ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো (সিএফপিবি)। অভিযোগ আছে, অপর্যাপ্ত তহবিলের জন্য গ্রাহকের কাছ থেকে দ্বিগুণ ফি আদায় করত ব্যাংকটি। পাশাপাশি একই লেনদেনে বারবার ৩৫ ডলার করে জরিমানা নিয়েছে, যা ‘ডাবল-ডিপিং’নামে পরিচিত। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সিএফপিবির অভিযোগ অনুসারে, ব্যাংক অব আমেরিকা ক্রেডিট কার্ডের জন্য সাইন আপ করা গ্রাহকের কাছ থেকে প্রতিশ্রুত নগদ অর্থ ও প্রাপ্য পয়েন্টগুলো আটকে রেখেছে। ব্যর্থ হয়েছে প্রতিশ্রুত পুরস্কারগুলো সরবরাহ করতে। মূলত সুবিধার ওপর নির্ভরশীল গ্রাহককে প্রতারিত করছিল ব্যাংক।
সিএফপিবি আরো খোঁজ পেয়েছে, ব্যাংক অব আমেরিকার কর্মচারীরা জালিয়াতি করে গ্রাহকের অজান্তে বা সম্মতি ছাড়াই ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের আবেদন ও তালিকাভুক্ত করেছে। এ ধরনের লঙ্ঘন সংশোধনের জন্য ব্যাংক অব আমেরিকা সিএফপিবিকে ৯ কোটি ডলার জরিমানা দেবে। মুদ্রার নিয়ন্ত্রকের অফিসকে দেবে ৬ কোটি ডলার। অন্যদিকে গ্রাহক পুনরুদ্ধারের জন্য ১০ কোটি ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।










