অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩৫ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এর ভিত্তিতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৬ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫ পয়সায়।
২০১৯-২০ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। ওই হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১০ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকা। লোকসান হওয়ায় ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগের হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।










