বিশ্ববাজারে আবারো ধাতব ও খনিজ পণ্যের দাম কমার পূর্বাভাস মিলেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতি এবং সরবরাহ ও চাহিদায় ভারসাম্যহীন পরিস্থিতির কারণে ফেচ রেটিংস সম্প্রতি এক প্রতিবেদনে এসব পণ্যের দাম কমার পূর্বাভাস দেয়।

প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদ ভিত্তিতে তামা, অ্যালুমিনিয়াম, নিকেল, দস্তা, আকরিক লোহা ও কঠিন ধাতব কয়লার দাম কমবে। স্বল্পমেয়াদি চাহিদায় অনিশ্চয়তা ও বর্তমান নিম্নমুখী বাজার প্রবণতার কারণে এসব পণ্যের মূল্য পূর্বাভাস কমানো হয়েছে। অন্যদিকে স্বল্প ও মধ্যমেয়াদ ভিত্তিতে তাপীয় কয়লার দাম বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। মূলত ইউরোপের বাজারে জ্বালানি সংকটের কারণে চাহিদা বাড়ার সম্ভাবনা পণ্যটির দাম বাড়বে বলে জানিয়েছে ফেচ রেটিংস।

প্রতিষ্ঠানটি বলছে, ২০২২-২৩ বছরে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতির আশঙ্কায় তামার বাজার পূর্বাভাস কমানো হয়েছে। সরবরাহ পরিস্থিতির তুলনায় ধাতুটির স্বল্পমেয়াদি চাহিদা দুর্বল হয়ে পড়েছে। এতে ঘাটতির পরিবর্তে আগামী বছর তামার বাজারে কিছুটা উদ্বৃত্ত থাকতে পারে। যদিও ওই বছরও বাজার সংকটের মুখেই থাকবে। এ বছর বিশ্ববাজারে তামার দাম টনপ্রতি ৯ হাজার ৫০০ ডলার থেকে কমে ৮ হাজার ৭০০ ডলারে স্থির হবে বলে জানিয়েছে ফেচ রেটিংস।

প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা বলেন, ইস্পাতের চাহিদা কমে যাওয়ায় আমরা ধাতব কয়লা ও আকরিক লোহার মূল্য পূর্বাভাস কমিয়েছি। বিশেষ করে শীর্ষ ব্যবহারকারী চীনে ইস্পাত উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এ কারণে চলতি বছর আকরিক লোহার দাম টনপ্রতি ১২০ ডলার থেকে কমে ১১৫ ডলারে নামতে পারে। অন্যদিকে ধাতব কয়লার দাম ৪০০ ডলার থেকে ৩৭০ ডলারে নামার আশঙ্কা রয়েছে।

এ বছর লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যলুমিনিয়ামের গড় দাম স্থির হতে পারে টনপ্রতি ২ হাজার ৭০০ ডলারে। এর আগের পূর্বাভাসে প্রতিষ্ঠানটি ২ হাজার ৯৫০ ডলারের পূর্বাভাস দিয়েছিল। দস্তার দাম আগের পূর্বাভাসের তুলনায় ২০০ ডলার কমে ৩ হাজার ৪০০ ডলারে নামবে। এদিকে চলতি বছর স্বর্ণের বাজারদর অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ফেচ। প্রতিষ্ঠানটির করা প্রাক্কলন অনুযায়ী, বছর শেষে গড় দাম দাঁড়াবে আউন্সপ্রতি ১ হাজার ৮০০ ডলার।

স্টেইনলেস ইস্পাত খাতে চাহিদা কমায় নিকেলের বাজারদর কমবে বলেও জানিয়েছে ফেচ রেটিংস। তবে ধাতুটির উৎপাদন বলিষ্ঠ থাকবে। বিশেষ করে রাশিয়া ও ইন্দোনেশিয়ায় উৎপাদন বাজার সম্ভাবনা রয়েছে। তবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন খাতে চাহিদার কারণে ধাতুটির দীর্ঘমেয়াদি বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ফেচ।