গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ বাড়বে ২৪ শতাংশ।
চলতি বছরের এ সময় পর্যন্ত নিজেদের শস্য বপনের ৭০ দশমিক ২ শতাংশ ভূমি থেকে ৪ কোটি ৯৪ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করেছে ইউক্রেন। উল্লিখিত পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের ফলে দেশটির প্রতি হেক্টর জমিতে খাদ্যশস্য উৎপাদনের গড় পরিমাণ দাঁড়ায় ৪ দশমিক ৪১ টন। শুক্রবার ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক তথ্যে এমনটা জানা যায়। খবর নাসডাক ডটকম।
সুবিধাজনক আবহাওয়ার ফলে চলতি বছর ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ হতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে চলতি বছর ৮ কোটি ৬ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে দেশটির কৃষি খাত, যা গত বছর ইউক্রেনের মোট উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণের তুলনায় ২৪ শতাংশ বেশি। গত বছর দেশটির মোট উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ ছিল ৬ কোটি ৫০ লাখ টন।
এখন পর্যন্ত উৎপাদিত ৪ কোটি ৯৪ লাখ টন খাদ্যশস্যের মধ্যে রয়েছে ৩ কোটি ২৩ লাখ টন গম, ৯৬ লাখ টন যব, ৪২ লাখ টন ভুট্টা এবং বাকি অংশ অন্যান্য খাদ্যশস্য। প্রকাশিত তথ্যের খাদ্যশস্যভিত্তিক পরিসংখ্যানে এটি দেখা যায়।










