জার্মানির অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে নিম্নমুখিতা অব্যাহত আছে। বছরের প্রথম আট মাসে আমদানি কমার হার ৭ দশমিক ১ শতাংশ। মূলত কভিড-১৯ মহামারী এবং এ-সংক্রান্ত লকডাউন আমদানি খাতে বড় বাধা সৃষ্টি করে। তবে জ্বালানি পণ্যটির দাম আকাশচুম্বী হওয়ায় আমদানি বিল বেড়েছে এক-তৃতীয়াংশ। দেশটির বৈদেশিক বাণিজ্য দপ্তর বাফা এ তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, গত বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত জার্মানি ৫ কোটি ৫৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। কিন্তু চলতি বছরের একই সময় আমদানি কমে ৫ কোটি ১৯ লাখ টনে নেমেছে।

বছরের প্রথম আট মাসে আমদানীকৃত জ্বালানি তেলের ৩৪ শতাংশই সরবরাহ করেছে রাশিয়া। এছাড়া ১৮ দশমিক ৯ শতাংশ ব্রিটেন এবং নরওয়েজিয়ান উত্তর সাগর থেকে আমদানি করা হয়। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) থেকে এসেছে ১৬ দশমিক ১ শতাংশ। বাকি অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও কাজাখস্তানসহ অন্যান্য উৎস থেকে।

এ সময় জার্মানি অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় করেছে ২ হাজার ৪৪৫ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ৩২ দশমিক ৯ শতাংশ।