বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সম্প্রতি বিজিএমইএ কমপ্লেক্সে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত ইকোনমিক মিনিস্টার (মনোনীত) মো. ফজলে রাব্বির সঙ্গে এক বৈঠকে ফারুক হাসান এ প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্পের বর্তমান অবস্থা, এর প্রবৃদ্ধির সম্ভাবনা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর কৌশল সম্পর্কে ইকোনমিক মিনিস্টারকে অবহিত করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের পোশাক খাতের অনন্য দিকগুলো এবং শিল্পের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার জন্য ইকোনমিক মিনিস্টারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের স্বার্থ রক্ষা করতে এবং আন্তর্জাতিক মঞ্চে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন ফারুক হাসান।










