মানসম্মত কফি রফতানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ইথিওপিয়া। মহামারীজনিত সংকট কাটিয়ে দেশটির কফি রফতানি খাত সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে এ বছরের জুলাইয়ে প্রত্যাশার চেয়েও বেশি কফি রফতানি করতে সক্ষম হয়েছে দেশটি। ইথিওপিয়ান কফি অ্যান্ড টি অথরিটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির দেয়া তথ্যমতে, পূর্ব আফ্রিকার দেশটির কফি রফতানি রেকর্ড পরিমাণ বেড়েছে। চলতি বছর এসব খাত থেকে আয়ও প্রত্যাশার তুলনায় বাড়বে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত জুলাইয়ে ২১ হাজার ৩৩৯ দশমিক ৮০ টন কফি রফতানির পরিকল্পনা ছিল ইথিওপিয়ার। কিন্তু ওই মাসে দেশটি প্রত্যাশার চেয়েও বেশি কফি রফতানি করতে সক্ষম হয়। রফতানির পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ১৪৫ দশমিক ৭০ টনে। রফতানীকৃত এসব কফি থেকে ১১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ডলার আয় এসেছে। জুলাইয়ে ইথিওপিয়ান কফির প্রধান রফতানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সৌদি আরব, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি কফি রফতানি হয় জার্মানিতে।

ইথিওপিয়ায় সবচেয়ে বেশি উৎপাদি হয় অ্যারাবিকা কফি। গুণগত মান ও ফ্লেভারের জন্য দেশটির কফির বিশ্বজোড়া সুখ্যাতি রয়েছে। রফতানি আয় বাড়াতে ভোক্তা চাহিদার কথা মাথায় রেখে কফির গুণগত মান আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে দেশটির।