চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ইন্দোনেশিয়ায় ২ হাজার ১৭০ কোটি ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। খবর এবিসি নিউজ।
লি সম্প্রতি ইন্দোনেশিয়া সফর করছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং ইন্দোনেশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি জাকার্তায় পৌঁছেছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তার ঔপনিবেশিক ধাঁচের মেরদেকা প্রাসাদে লিকে আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও দ্বীপে স্থানান্তরের পরিকল্পনায় চীনের সাহায্য চেয়েছেন।
বৈঠকের পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি নতুন চীনা বিনিয়োগের প্রতিশ্রুতি ঘোষণা করেন। এর আগে জুলাইয়ে উইদোদো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় পূর্ববর্তী ৪ হাজার ৪৮৯ কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি অনুসরণ করেন। তবে নতুন বিনিয়োগের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মারসুদি বলেন, উইদোদো ইন্দোনেশিয়ার বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার চীনকে এ প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেয়ার অনুরোধ করেন এবং সামুদ্রিক ও মৎস্য চাষের মতো অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করার আহ্বান জানান।
মারসুদি আরো জানান, এ দুই নেতা ই-কমার্স, উদ্যোগে সহায়তা, শিল্প সহযোগিতা, কৃষি, মৎস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ছয়টি চুক্তি স্বাক্ষরের তত্ত্বাবধানও করেছেন।
এর আগে বেইজিং-অর্থায়নকৃত রেলওয়ে প্রকল্প সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে চীন ও ইন্দোনেশিয়া এবং চীনের প্রধানমন্ত্রী ট্রায়ালে বুলেট ট্রেনও চালান।










