ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি। এদিন ব্যাংকটির ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯২৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩৪ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। 

সর্বশেষ ঋণমান অনুসারে, ব্যাংকটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকের সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৭৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ৮০ পয়সা। 

সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা।