২০২১ সালের ডিসেম্বরে চীন-লাওস রেলপথ চালুর পর তা ব্যবহার করে ৪০ লাখ ৯৭ হাজার ৩০০ টন পণ্য আমদানি ও রফতানি হয়েছে। তার মধ্যে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার টন লাওস থেকে চীনে এবং ৬ লাখ ৫০ হাজার ৯০০ টন চীন থেকে লাওসে পাঠানো হয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে লাও নিউজ এজেন্সির (কেপিএল) প্রতিবেদনে। খবর সিনহুয়া।

লাওস থেকে চীনে পাঠানো পণ্যগুলোর মধ্যে বেশির ভাগই ছিল রাবার, আকরিক লোহা, আকরিক দস্তা, চুন, ফল, আলুর আটা ও বার্লি। অন্যপ্রান্তে, চীন থেকে লাওসে পাঠানো পণ্যগুলো হলো বৈদ্যুতিক সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও গৃহস্থালি সামগ্রী।

২০২৩ সালের প্রথম পাঁচ মাসে মালবাহী ট্রেনে ১৫ লাখ ৮০ হাজার ৬৮০ টন পণ্য লাওস থেকে চীনে পাঠানো হয় এবং ১ লাখ ৬০ হাজার ৯১০ টন পণ্য চীন থেকে লাওসে পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন-লাওস রেলওয়ে ব্যবহার করে চীন ও এর বাইরে পণ্য পরিবহন করা দেশগুলোর মধ্যে রয়েছে লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মিয়ানমার।

থাইল্যান্ড রেলপথে চীনে ক্রমবর্ধমান পরিমাণে মালপত্র (প্রধানত কৃষিজাত) পরিবহন করছে। পণ্য পরিবহনে রেলপথে তিনদিন সময় লাগে, যা আগে ব্যবহৃত সড়কপথের তুলনায় বেশ দ্রুত।