দুর্যোগের সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ২৬ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। রাজধানীর পিএসটিসি ভবনে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। এতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। পিএসটিসির নির্বাহী পরিচালক প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পিএসটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণে দুর্যোগকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার ন্যূনতম প্রাথমিক সেবা প্যাকেজ (এমআইএসপি) এবং জরুরি পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেয়া হয়। এর মধ্যে ছিল কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সাড়াদান, যৌনবাহিত ও প্রজননতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা, এইচআইভি প্রতিরোধ এবং মাসিক নিয়মিতকরণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) কারিগরি সহায়তা এবং অস্ট্রেলীয় সরকারের পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগের (ডিএফএটি) অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে পিএসটিসি।