আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়ে দুই মাসের সর্বোচ্চে উঠেছে। বেড়েছে অ্যালুমিনিয়ামের দামও। মূলত জ্বালানি সংকটের কারণে এসব ধাতুর উৎপাদন ও উত্তোলন ব্যাহত হওয়ায় বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ধাতুগুলোর মজুদ অব্যাহত কমছে, সংকুচিত হচ্ছে সরবরাহ। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ২৯৭ ডলারে, যা ৩০ জুনের পর সর্বোচ্চ।
গত ১৫ জুলাই তামার দাম কমে ২০ মাসের সর্বনিম্নে নেমেছিল। এর পর থেকে একটু একটু করে ঊর্ধ্বমুখী হচ্ছে ধাতুটির দাম। ওই সময়ের পর থেকে ধাতুটির দাম ১৭ শতাংশ বেড়েছে। যদিও তা মার্চের রেকর্ড পর্যায় থেকে ২৫ শতাংশ নিচে অবস্থান করছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে তামার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ২৭৮ ডলারে।
এলএমইতে বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫০৫ ডলারে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।










