বৈশ্বিক গম উৎপাদনে আর্জেন্টিনার বড় হিস্যা রয়েছে। কিন্তু এ বছর ভয়াবহ খরার প্রভাবে বিপর্যয়ের মুখোমুখি হয় দেশটির উৎপাদন। দেখা দেয় ঘাটতির আশঙ্কা। তবে আশার আলো দেখাচ্ছে সাম্প্রতিক বৃষ্টিপাত। অনুকূল আবহাওয়ার কারণে গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

প্রতিষ্ঠানটির আগের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি বছর আর্জেন্টিনায় ১ কোটি ৯২ লাখ টন গম উৎপাদন হবে। কিন্তু নতুন পূর্বাভাসে ১ কোটি ৯৮ টন উৎপাদনের কথা বলা হয়েছে। উপযুক্ত সময়েই বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় গ্রেইন এক্সচেঞ্জ।

এবার প্রতি হেক্টর জমিতে ১০ লাখ ৩০ হাজার টন করে গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ফের আবহাওয়া শুষ্ক হয়ে উঠলে পূর্বাভাস কমিয়ে আনতে পারে বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ।

এদিকে ২০২১-২২ মৌসুমের জন্য আর্জেন্টিনায় সয়াবিন আবাদ শুরু হয়েছে। ১ কোটি ৬৫ লাখ হেক্টর জমির ৪ দশমিক ৬ শতাংশে এরই মধ্যে আবাদ সম্পন্ন হয়েছে। এ বছর গত ১৫ বছরের তুলনায় সবচেয়ে কম সয়াবিন আবাদের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ৭১ লাখ হেক্টর জমির ২৭ দশমিক ৬ শতাংশে ভুট্টা আবাদ সম্পন্ন হয়েছে।