বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে র‌্যালি, গোলটেবিল আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাভা হেলথ। ‘সহমর্মিতাপূর্ণ সেবা ডিজিটাল বিশ্বে’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যামিলি মেডিসিন চিকিৎসকদের অবদান ও মানবিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রাভা হেলথের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি ও ফ্যামিলি মেডিসিন চিকিৎসকরা অংশ নেন। ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তারের মধ্যেও চিকিৎসক ও রোগীর মানবিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

দিনের কর্মসূচি শুরু হয় প্রাভা হেলথ প্রাঙ্গণ থেকে র‌্যালির মাধ্যমে। এতে ব্যবস্থাপনা বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি ও ফ্যামিলি মেডিসিন চিকিৎসকরা অংশ নেন। র‌্যালির পর কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন ফ্যামিলি মেডিসিন চিকিৎসককে সম্মাননা সনদ দেয়া হয়।

আয়োজকরা জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী করতে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেয়া হয়েছে। পরে গোলটেবিল আলোচনায় আধুনিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিন চিকিৎসকদের ভূমিকা, রোগীদের আস্থা তৈরি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মধ্যেও মানবিক সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতে প্রাভা হেলথের প্রধান চিকিৎসাসেবা বিভাগের চিকিৎসক ডা. হামিম তাসদিক অতিথিদের স্বাগত জানান। তিনি দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফ্যামিলি মেডিসিন চিকিৎসকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন চিকিৎসক ডা. পারমিতা করিম বলেন, দীর্ঘমেয়াদি আস্থা তৈরি এবং পরিবারভিত্তিক চিকিৎসাসেবায় সহমর্মিতা খুবই গুরুত্বপূর্ণ।

আরেক ফ্যামিলি মেডিসিন চিকিৎসক ডা. শোয়েব আহমদ বলেন, প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর করেছে। তবে রোগীর সঙ্গে মানবিক সম্পর্ক বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি তিনি যৌক্তিক চিকিৎসা সিদ্ধান্ত ও ডিজিটাল নথি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রাভা হেলথের প্রধান পরিচালন কর্মকর্তা ডা. সিমীন এম আখতার বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিনের কৌশলগত গুরুত্ব রয়েছে। সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও জানান তিনি।

সমাপনী বক্তব্যে প্রাভা হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন ইমন বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক ও রোগীর মানবিক সম্পর্কের গুরুত্বও বাড়ছে। ফ্যামিলি মেডিসিন চিকিৎসকেরাই এ আস্থা ও সহমর্মিতার ভিত্তিকে সবচেয়ে শক্তভাবে ধরে রেখেছেন।

অনুষ্ঠান শেষে আয়োজকেরা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবার এ সময়ে মানবিকতা, সহমর্মিতা ও আস্থাভিত্তিক চিকিৎসাসেবার গুরুত্ব আরো বাড়ছে।

—বিজ্ঞপ্তি