চলতি বছরের জন্য চাল রফতানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে থাইল্যান্ড। নতুন করে ৮০ লাখ টন রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। এর আগে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৫ লাখ টন। থাইল্যান্ডের সরকারসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে চালের চাহিদা। এ পরিস্থিতিতে বাড়তি উৎপাদন দেশটিতে রফতানিতে সুবিধা দিচ্ছে। তবে মুদ্রার বিনিময় হারে অস্থিরতার কারণে প্রতিযোগিতামূলক বাজারে দেশটি পিছিয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা।
এ বছরের শুরুতে থাইল্যান্ডের চাল রফতানিকারক অ্যাসোসিয়েশন ৭৫ লাখ টন চাল রফতানির লক্ষ্য নির্ধারণ করে। দেশটির মুদ্রা বাতের বিনিময় মূল্য শক্তিশালী হয়ে ওঠার পর পরই এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
জানুয়ারিতে থাইল্যান্ড ৮ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যে ব্যাপক চাহিদা ও বাতের দুর্বল বিনিময় মূল্যের কারণেই রফতানিতে এমন উল্লম্ফন দেখা দেয়।
থাইল্যান্ড বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক। ভারত ও ভিয়েতনামের পর দেশটির অবস্থান। গত বছর দেশটি সব মিলিয়ে ৭৬ লাখ ৯০ হাজার টন চাল রফতানি করেছিল।










