এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমবিবিএস ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হাসপাতালটিতে সম্প্রসারিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আইসিইউর ফলক উন্মোচন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এক যুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল; বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়া আইসিইউর এ আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের এক যুগের পথচলা, অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন আয়মান আক্তার ও শিফা দ্বীন (বিদেশী শিক্ষার্থী)।
পুরো আয়োজনটি সঞ্চালনা করেন শান্তা জাহান ও এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।










