স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) বিজনেস স্টাডিজ বিভাগের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক আলী আহসান। এসইউবির বিজনেস স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য ও কর্মকর্তারা এবং ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আলী আহসান তার ভাষণে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্ধিত উৎসাহ ও আনন্দ নিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার ব্যাপারে এ মুহূর্তে একই সঙ্গে দুটি কারণ তোমাদের সামনে উপস্থিত। প্রথমত, স্কুল-কলেজে পড়াশোনার একটি স্তর ও পর্যায় শেষ করে তোমরা এখন উচ্চশিক্ষার নতুন ধাপে পা রেখেছ। দ্বিতীয়ত, করোনার কারণে দীর্ঘদিন ঘরের আবদ্ধ পরিবেশে জীবন কাটিয়ে অনেকদিন পর বাইরে আসার সুযোগ পেয়েছ। এ উভয়বিধ কারণকে কাজে লাগিয়ে তোমাদের এখন সর্বোচ্চ জীবনীশক্তি নিয়োজনের মাধ্যমে প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশোনায় ঝাঁপিয়ে পড়তে হবে। তবে এ পড়াশোনাকে শুধু শ্রেণীকক্ষের মুখস্থবিদ্যা এবং পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, জ্ঞান ও দক্ষতা অর্জনের চতুর্মুখী প্রয়াসের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। —বিজ্ঞপ্তি