স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে ঢাকা বোর্ড থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র ঢাকা বোর্ডের উত্তীর্ণ ও নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ পর্বে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সনদপত্র প্রদান, শিক্ষাবৃত্তি কুপন, ক্যাম্পাস পরিদর্শন, মধ্যাহ্নভোজ ও ক্যারিয়ার গাইডেন্স সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। স্বাগত বক্তব্যে স্কুল অব হেলথ সায়েন্সের ডিন প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে উপযুক্ত একাডেমিক পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসাইন খান বলেন, উচ্চশিক্ষায় শুধু ফলাফলের ভিত্তিতে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের পরিবেশনায় নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হাসান কাউসার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
-বিজ্ঞপ্তি











