বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সৌদি আরব পরিচালিত বিনিয়োগ তহবিলে। বর্তমানে দেশটিতে বিনিয়োগ তহবিল সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। সম্প্রতি আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ তহবিলের সংখ্যা বছরওয়ারি ৩৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ সৌদি আরবে এখন ১ হাজার ৭৬টি অর্থ তহবিল রয়েছে। বছরের প্রথম প্রান্তিকে সরকারি ও বেসরকারি তহবিলের সংখ্যা যথাক্রমে ২৬০ ও ৮১৬, যা এক বছর আগে একই সময়ের মধ্যে যথাক্রমে ২৫৩ ও ৫৪২ ছিল।
তহবিল সুরক্ষিত করা সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌদির শক্তিশালী বিনিয়োগ ক্ষমতা দেশটির অর্থনীতিকে উদ্দীপিত করতে ও রাজস্বে বৈচিত্র্য আনতে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সরকারি ও বেসরকারি বিনিয়োগ তহবিলে গ্রাহকের সংখ্যা ৫৩ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে ৭ লাখ ৯২ হাজার ৮২৪ জনে পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৫ লক্ষ ১৭ হাজার ৩৪৬ জন। এদিকে তাদাউল নামে পরিচিত সৌদির প্রধান স্টক মার্কেটে তালিকাভুক্ত সংস্থার সংখ্যা মার্চ ২০২৩ সালের শেষ নাগাদ ২২৪-এ পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। নমু নামে পরিচিত সৌদির অনানুষ্ঠানিক স্টক মার্কেটে ২০২২-এর প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ২৫। এ বছরের প্রথম প্রান্তিকে ১১৬ শতাংশ বেড়ে তা এখন ৫৪। স্টক মার্কেটে বিনিয়োগের জন্য যোগ্য বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা মূল্য ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ১ শতাংশ বেড়ে ২৭ হাজার ৩৫৪ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে বলে প্রকাশ হয়েছে।










