চীনে মে মাসে অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য আমদানি আগের মাসের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময় দেশটি মোট ৪৪ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য আমদানি করেছে। আমদানি কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে চীনের বেসরকারি পরিশোধনাগার কারখানাগুলোয় ফিডস্টক জ্বালানি তেলের নিম্নমুখী ক্রয়। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।
চীন গত এপ্রিলে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য আমদানি করেছিল। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস ডাটা এবং বাজারসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, চীনের বেসরকারি পরিশোধনাগারগুলো গত এপ্রিলে মোট ২০ লাখ টন জ্বালানি তেল আমদানি করেছিল। মে মাসে তা ৪৫ দশমিক ৪ শতাংশ কমে ১১ লাখ টনে নেমেছে। আমদানি ব্যয় বৃদ্ধির কারণে জুনেও এ প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে আমদানি কমলেও মে মাসে চীনের অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য রফতানি বেড়েছে। এ সময় দেশটি মোট ৫৩ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্য রফতানি করেছে, যা গত মাস থেকে প্রায় ১৮ শতাংশ বেশি।
অন্যদিকে চলতি বছরের মে মাসে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময় দেশটি দৈনিক মোট ১ কোটি ১১ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে।










