ভিয়েতনামের সাশ্রয়ী বেসরকারি উড়োজাহাজ সংস্থা ভিয়েতজেট দ্রুত গতিতে বাজারে আধিপত্য তৈরি করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ভিয়েতনাম এয়ারলাইনসের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানটি চলতি বছর বেশি আন্তর্জাতিক যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে। আগামীতে ভিয়েতজেট ভিয়েতনামের সামগ্রিক বৃহত্তম বিমান সংস্থা হতে পারে বলে আশা করছে এভিয়েশন খাতসংশ্লিষ্টরা। খবর নিক্কেই এশিয়া।

ভিয়েতজেট ২০১১ সালে ভিয়েতনামের প্রথম বেসরকারি বাণিজ্যিক বিমান সংস্থা হিসাবে যাত্রা করে। সাশ্রয়ী ভাড়া ও অনন্য পরিষেবা দিয়ে এটি দ্রুত বাজারে সুনাম অর্জন করে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নগুয়েন থি ফুয়ং থাও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম স্বনির্মিত নারী বিলিয়নেয়ার হয়েছেন।

জানুয়ারি-নভেম্বরের মধ্যে ভিয়েতজেট ২ কোটি ২০ লাখেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে। কভিড-১৯-পরবর্তী ভ্রমণ খাত পুনরুদ্ধার হওয়ায় এটি গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি যাত্রী পরিবহন করেছে, যা ভিয়েতনাম এয়ারলাইনস গ্রুপের সম্মিলিত যাত্রী পরিবহনের চেয়ে কিছুটা বেশি।

ভিয়েতজেটের প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বেড়ে যাওয়া। এটি চলতি বছরের এখন পর্যন্ত ৭০ লাখের বেশি আন্তর্জাতিক যাত্রীসেবা দিয়েছে। বিদেশী এয়ারলাইনস বাদে ভিয়েতনামের আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাজারে এর অংশ ৫০ শতাংশের ওপরে রয়েছে।

নগুয়েন থি ফুয়ং থাও এপ্রিলে শেয়ারহোল্ডারদের একটি বৈঠকে জানিয়েছিলেন, নতুন রুটের ফ্লাইট আনতে অগ্রদূত হিসেবে কাজ করবে ভিয়েতজেট। ২০২৩ সালের শুরুতে ভিয়েতনাম ও জাকার্তা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মধ্যে নতুন রুট চালু করেছে এয়ারলাইনসটি। এছাড়া টোকিওর হানেদা বিমানবন্দরেও ফ্লাইট শুরু হয়েছে।

গত বছর থেকে ৩২টি রুট বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ভিয়েতজেট ৮০টি আন্তর্জাতিক রুটে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা ভিয়েতনাম এয়ারলাইনসকে ছাড়িয়ে গেছে।

ভিয়েতনাম বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সঙ্গে সঙ্গে ভিয়েতজেটে নতুন গন্তব্য রুট যুক্ত হচ্ছে। এ ভূমিকায় রাষ্ট্রীয় মালিকানাধীন ভিয়েতনাম এয়ারলাইনসের চেয়ে এগিয়ে রয়েছে ভিয়েতজেট।

ভিয়েতজেটের জানুয়ারি-সেপ্টেম্বরের আয় ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ডলারে। এটি ১ কোটি ৮০ লাখ পরিচালন মুনাফা অর্জন করেছে, যা গত বছরের ৫৯ লাখ ডলারের লোকসান থেকে ঘুরে দাঁড়িয়েছে।

ভিয়েতজেটের নিয়মিত ভাড়া প্রায়ই ভিয়েতনাম এয়ারলাইনসের তুলনায় ৩০-৪০ শতাংশ কম হয়ে থাকে। ভিয়েতনামের অর্থনীতি ধীর গতির সঙ্গে ভোক্তাদের বাজেট নিয়ন্ত্রিত হওয়ায় ভিয়েতজেট আন্তর্জাতিক রুট ও বাজেট বিকল্পগুলোর সংখ্যা বাড়িয়েছে। এটি তাদের বড় বাজার হিস্যা অর্জনে সাহায্য করেছে।

ভিয়েতনামের এভিয়েশন শিল্প ভিয়েতজেট লাভ করায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নগুয়েন থি ফুয়ং থাওয়ের গ্রহণযোগ্যতা বেড়েছে। ভিয়েতজেটের আগে তিনি রাশিয়ায় পড়াশোনা করে পরবর্তী সময়ে একটি ট্রেডিং ফার্ম শুরু করেছিলেন। এভিয়েশন খাতে প্রবেশ করার আগে তিনি ব্যাংকিং খাতে কাজ করেছিলেন।

গত বছর বিমান ভ্রমণ পুনরুদ্ধারের সঙ্গে ভিয়েতজেট বাজার চাহিদা অনুযায়ী লক্ষ্য অর্জন করা শুরু করে। ২ হাজার ৫০০ কোটি ডলারে ২০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের অর্ডার দিয়েছে, যা আগামী বছর নাগাদ প্রতিষ্ঠানটি ডেলিভারি পাবে। কিন্তু ভিয়েতজেটের প্রবৃদ্ধি অর্জনের পথে কিছু প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। নভেম্বরে ভিয়েতজেটের ফ্লাইট অন-টাইমের হার ছিল মাত্র ৭৫ দশমিক ২ শতাংশ। এর আগে প্রতিষ্ঠানটি তাদের পাইলটদের অতিরিক্ত কাজ করিয়ে নেয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।