জাপানি ইস্পাত কোম্পানি নিপ্পন প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলারে ইউএস স্টিল কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। যার মাধ্যমে এটি চীনের বাইরে বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হবে। নিপ্পনের অধিগ্রহণের মাধ্যমে মার্কিন ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্পর্কে বিদ্যমান প্রশ্নের একটি সমাধান হলো। ইউএস স্টিল গত আগস্ট থেকে ক্রেতা খুঁজছিল, তখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ছোট অফারগুলো প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসি।
বৃহৎ প্রতিষ্ঠানটির মালিকানা বিদেশীদের হাতে চলে যাওয়ায় বিষয়টির বিরোধিতা করেছে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। তারা এ চুক্তিকে অদূরদর্শী বলে আখ্যায়িত করে তা বন্ধ করতে কাজ করবে বলে জানিয়েছে। ১৯০১ সালে অ্যান্ড্রু কার্নেগি ও জেপি মরগান প্রতিষ্ঠিত ইউএস স্টিল একসময় বৈশ্বিক ইস্পাত শিল্পে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কয়েক দশক ধরে বিদেশী প্রতিযোগিতার কারণে তাদের অবস্থান নড়বড়ে হয়ে উঠেছিল।
বর্তমানে বিশ্বব্যাপী ২২ হাজারেরও বেশি কর্মী ইউএস স্টিলের জন্য কাজ করছে। যার মধ্যে প্রায় ১২ হাজার মার্কিন নাগরিক রয়েছে।
নিপ্পন জানায়, ইউএস স্টিল কেনা তার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি তৈরির কৌশলগত পরিকল্পনার অংশ।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের ইতিহাসকে সম্মান জানিয়ে ইউএস স্টিলের নাম অপরিবর্তিত রাখার ও সদর দপ্তর পিটাসবার্গে রাখার প্রতিশ্রুতি দিয়েছে নিপ্পন। ইউএস স্টিলের সিইও এ চুক্তিকে ‘সবার জন্য সেরা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ অধিগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক দেশীয় ইস্পাত শিল্পের বাজার নিশ্চিত করার পাশাপাশি বিশ্বব্যাপী তাদের উপস্থিতি সম্প্রসারণ করাও সম্ভব।
ইউএস স্টিল জানিয়েছে, তারা আশা করছে আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকের মধ্যে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। উভয় কোম্পানির বোর্ড এরই মধ্যে চুক্তিটি অনুমোদন করেছে, যা পরবর্তী ধাপে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রকদের কাছে পর্যালোচনার জন্য যাবে।
চলতি সপ্তাহে ঘোষিত শর্তাবলি অনুসারে, নিপ্পন শেয়ারপ্রতি ৫৫ ডলার পরিশোধ করতে ও কোম্পানির ঋণের দায়িত্ব নিতে সম্মত হয়েছে। তারা মোট ১ হাজার ৪৯০ কোটি ডলারে চুক্তিটি সম্পন্ন করেছে।
ইস্পাত শ্রমিক ইউনিয়নের দাবি, ইউএস স্টিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন থাকুক। ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স প্রেসিডেন্ট ডেভিড ম্যাককল জানান, ইউএস স্টিলকে বিদেশীদের কাছে বিক্রি করার মাধ্যমে শ্রমিকদের উদ্বেগগুলো অগ্রাহ্য করা হয়েছে। ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন মার্কিন নিয়ন্ত্রকদের কাছে জাতীয় নিরাপত্তার ইস্যুতে চুক্তিটি আবারো পর্যালোচনা করার আহ্বান জানাবে।
ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় ইস্পাত শিল্প রক্ষা করতে রাজি করিয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জাপানসহ বেশির ভাগ দেশের ক্ষেত্রে শুল্ক আরোপ বিদ্যমান রেখেছেন।
জিএলজে রিসার্চের প্রধান নির্বাহী বিশ্লেষক জেরাল্ড জনসন জানান, নিপ্পনের অধিগ্রহণের ফলে মার্কিন ইস্পাত শিল্প বাজারে প্রতিযোগিতা বাড়বে। তবে এটি আগামীতে কর্মী ছাঁটাইয়ের হুমকিও তৈরি করতে পারে বলে আশঙ্কা।
অধিগ্রহণের খবরে ইউএস স্টিলের শেয়ারগুলোর দাম বাড়লেও নিপ্পনের শেয়ারের দামে কিছুটা পতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, নিপ্পন কম পারফর্মিং ফার্মের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করেছে।
এদিকে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘এটা একেবারে আপত্তিজনক যে তারা নিজেদের একটি বিদেশী জাতির কাছে বিক্রি করে দিয়েছে। আমি ইস্পাত শ্রমিক ও ইউনিয়নের জন্য লড়াই করব।’ পেনসিলভানিয়ায় একটি স্টিল মিল ১৮৭৫ সাল থেকে চালু রয়েছে।
ওহাইওর রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আজ আমেরিকার প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ নগদ অর্থের জন্য বিদেশীদের কাছে নিলাম করা হয়েছে।’"তিনি এ চুক্তির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।










