ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের পরিচালিত প্রকাশনা ক্লাব ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) তাদের ১৫তম ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষদের আব্দুল্লাহ ফারুক হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সংস্করণটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মোহাম্মদ ওসমান ইমাম।
এ সময় ম্যাগাজিন উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে তাওহিদ উদ্দিন আলভী, সাধারণ সম্পাদক হিসেবে মো. সাকিব হোসেন নাহিদ ও প্রধান সম্পাদক হিসেবে ইশরাক ফারহান ভূঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন। নবনির্বাচিত নেতারা সংগঠনের প্রকাশনা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যাশা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডিন মোহাম্মদ ওসমান ইমাম বলেন, শিক্ষার্থীদের লেখালেখি, গবেষণা ও বিশ্লেষণধর্মী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভয়েস অব বিজনেস শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখালেখিতে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সুবরুকা মাহবুব আরপি বিজয়ী এবং রিদওয়ান রাইশ খান ও আহসানুল রাজী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। বিজয়ীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেয়া হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মোহাম্মদ আলাউদ্দিন, শাবাহ কবির ও দীপেশ বণিকসহ অন্যান্যেরা সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন।
২০০৭ সালে প্রতিষ্ঠিত ভয়েস অব বিজনেস দেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ব্যবসায়িক ম্যাগাজিন ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিত ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি কেস কম্পিটিশন, সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন আয়োজন করে আসছে। নতুন এ ম্যাগাজিন ও কমিটির মাধ্যমে সংগঠনটি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
—বিজ্ঞপ্তি










