৩০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার আর্থিক প্রতিষ্ঠান ওয়েস্টপ্যাক ব্যাংকিং করপোরেশন। ব্যাংক ঋণে সুদের হার বেড়ে যাওয়া ও উচ্চ মূল্যস্ফীতির জেরে প্রতিষ্ঠানটির ভোক্তা ও বাণিজ্যিক বিভাগ থেকে ছাঁটাই করা হবে কর্মী। ফাইন্যান্স সেক্টর ইউনিয়ন অব অস্ট্রেলিয়া (এফএসইউ) জানিয়েছে, দেশের তৃতীয় বৃহৎ ব্যাংকটি কর্মী সংখ্যা কমাচ্ছে ভোক্তা ও বাণিজ্যিক ব্যাংক বিভাগ থেকে। ওয়েস্টপ্যাকের অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে তারা এমনটা দাবি করেছে। খবর রয়টার্স।
সম্ভাব্য ৩০০ জন ছাঁটাইয়ের ঘটনা মূলত ওয়েস্টপ্যাকের মোট কর্মী সংখ্যার দশমিক ৮ শতাংশ। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল ৩৭ হাজার ৪৭৬ জন। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় নীতিমালার বেশকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তবে নতুন পদক্ষেপের বিরুদ্ধে এফএসইউয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলিয়া অ্যাংগ্রিসানো সমালোচনা জানিয়েছেন। তিনি বলেন, ‘ওয়েস্টপ্যাকের কর্মীরা এমনিতেই বিপুল কাজের চাপে থাকেন। নতুন সিদ্ধান্তের মানে চলে যাওয়া কর্মীদের কাজ থেকে যাওয়া কর্মীদের ওপর বর্তাবে। তাতে করে অবশিষ্ট কর্মীদের ওপর বাড়বে চাপের বোঝা।’
গত মে মাসে ওয়েস্টপ্যাক, এএনজি, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক ও সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপ সতর্ক করে দেয় ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া নিয়ে। একই মাসে ওয়েস্টপ্যাক বছরের প্রথমার্ধের হিসাব প্রকাশ করে ২২ শতাংশ আয় বাড়ার কথা জানায়। উচ্চ মূল্যস্ফীতির সময়েই সার্বিকভাবে লাভ হয়েছে ৪০০ কোটি অস্ট্রেলীয় ডলার।










