চীনের দৈনিক কয়লা উত্তোলন আগস্টে কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। কভিড-১৯জনিত বিধিনিষেধ এবং ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির প্রধান প্রধান কয়লা উত্তোলন অঞ্চলে অনেক খনির কার্যক্রম কমে গিয়েছে। আবার অনেক খনির কার্যক্রমও বন্ধ ছিল। এ কারণেই উত্তোলন কমেছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত মাসে দেশটি ৩৭ কোটি ৪ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টনে। জুলাই মাসে উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ ২০ হাজার টন। তবে গত বছরের আগস্টের তুলনায় দৈনিক উত্তোলন বেড়েছে। ওই সময় দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৮ লাখ ১০ হাজার টন।










