উচ্চ নিকেলবিশিষ্ট একক ক্রিস্টাল ক্যাথোড উপাদান তৈরিতে জোর দিচ্ছে এলজি কেমিক্যাল। পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্রস্তুতিতে ব্যবহার হবে ক্যাথোড উপাদানগুলো, যা ভবিষ্যৎ বাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। উচ্চ নিকেলবিশিষ্ট একক ক্রিস্টাল ক্যাথোড বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারির কার্যক্ষমতা বাড়ায়। সোমবার এ খবর নিশ্চিত করেছে রাসায়নিক কোম্পানিটি। খবর ইয়োনহাপ নিউজ এজেন্সি।
প্রকাশিত বিবৃতিতে এলজি জানিয়েছে, চিওংজু প্ল্যান্ট থেকে একক ক্রিস্টাল ক্যাথোডের প্রথম চালান ক্রেতাদের কাছে আগামী জুলাই থেকে সরবরাহ করা হবে। এলজির চিওংজু কারখানাটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রতিষ্ঠানটি তার দক্ষিণ-পূর্বাঞ্চলের গুমি কারখানায় একক ক্রিস্টাল ক্যাথোড সরবরাহ লাইন সম্প্রসারণ করার পরিকল্পনা করেছে।
অভিন্ন কাঠামোয় নিকেল, কোবাল্ট ও ম্যাঙ্গানিজের সংমিশ্রণে তৈরি হয় একক ক্রিস্টাল ক্যাথোড। এটিকে পরবর্তী প্রজন্মের ব্যাটারির কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধির মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারির শক্তি নির্ভর করে ক্যাথোডের ওপর। ব্যাটারি উৎপাদন খরচের প্রায় ৪০ শতাংশ ব্যয় হয় শক্তি নির্ধারণকারী উপাদানটির পেছনে।
প্রচলিত ক্যাথোডের একটি পলিক্রিস্টাল কাঠামো রয়েছে। ছোট ছোট ক্লাস্টারে একত্রে ধাতব কণার সমন্বয়ে গঠিত। বারবার চার্জিং ও ডিসচার্জিংয়ের কারণে এতে অসংখ্য ফাটল দেখা দেয়। সেসব ফাটল থেকে গ্যাস সৃষ্টি হতে পারে। ফলে ব্যাটারির কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এলজি কেম দাবি করেছে, একক ক্রিস্টাল ক্যাথোড ব্যাটারিতে শক্তির ঘনত্ব বাড়ায়। ফলে এটি ব্যবহার করলে ইভির কার্যক্ষমতা আগের চেয়ে অন্তত ১০ শতাংশ বাড়বে। এলজি কেম শিগগিরই ২:৮ অনুপাতে একক ক্রিস্টাল ও পলিক্রিস্টালাইন উৎপাদন শুরু করতে যাছে। সেখানে পর্যায়ক্রমে ক্যাথোডগুলোকে ১০০ শতাংশ একক ক্রিস্টাল কাঠামোয় উন্নীত করার পরিকল্পনা।
কোম্পানিটি জানিয়েছে, উত্তর গিয়েংসাং প্রদেশের গুমি কারখানায়ও একক ক্রিস্টাল ক্যাথোডের উৎপাদন বাড়াতে চায় এলজি। ২০২৭ সাল নাগাদ উৎপাদন সক্ষমতা ৫০ হাজার টনে উন্নীত করা হবে।










