বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আখতারউদ্দিন মাহমুদ।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে আশা করছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।










