চলতি বছর ব্রাজিলে কফি উৎপাদন ২০২২ সালের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৫ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি)। দেশটির খাদ্য ও পরিসংখ্যান সংস্থা কোনাব নতুন মৌসুমের প্রথম প্রাক্কলনে এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকরা জানান, ২০২১ সালের শেষ দিকে ভয়াবহ খরার কবলে পড়ে দেশটির কৃষিপণ্য উৎপাদন। তার ওপর দেখা দেয় তীব্র তুষারপাত। এর ধাক্কা এসে লাগে কফি উৎপাদনেও। বৈরী আবহাওয়ার প্রভাব বজায় ছিল বিদায়ী বছরও। তবে এ বছর পরিস্থিতির উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ কফি উৎপাদন ও রফতানিকারক। বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশই আসে ব্রাজিল থেকে। কোনাব বলছে, এ বছর দেশটিতে অ্যারাবিকা কফি উৎপাদন ২০২২ সালের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। এতে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টনে। মিনা জিরাইস প্রদেশে উৎপাদন ঘুরে দাঁড়ানোয় উৎপাদনে প্রবৃদ্ধি আসবে। তবে রোবাস্তা কফি উৎপাদন গত বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমে ১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টনে নামতে পারে।










