ভারতের টাটা স্টিল যুক্তরাজ্যের ইস্পাত কারখানা পোর্ট ট্যালবট পুনরায় চালু করতে ব্রিটিশ সরকারের কাছে ৫০ কোটি পাউন্ড তহবিল চেয়েছে। এজন্য উচ্চ পর্যায়ে আলোচনা অব্যাহত। রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে।
টাটা স্টিলের একজন মুখপাত্র পিটিআইকে জানান, টাটা স্টিল যুক্তরাজ্য সরকারের সঙ্গে ইস্পাত তৈরির ধারাবাহিকতা এবং ডিকার্বনাইজেশনের জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এটি অত্যন্ত প্রতিবন্ধকতাপূর্ণ বিষয়। তবে আলোচনার মাধ্যমে ইস্পাত উৎপাদনের সার্বিক দিক সামনে আনা হচ্ছে।
এ নিয়ে একটি খসড়া পরিকল্পনা তৈরির শেষ পর্যায়ে রয়েছে। চুক্তি অনুসারে, ব্রিটিশ সরকার ৫০ কোটি পাউন্ড প্রদান করবে। টাটা কোম্পানি প্রকল্পটিতে ৭০ কোটি পাউন্ড বিনিয়োগ করবে। পিটিআই রিপোর্টে বলা হয়েছে, এ তহবিল কয়লাচালিত ব্লাস্ট ফার্নেসের দূষণ রোধ এবং ইস্পাত উৎপাদনে গ্রিন ও দক্ষ বৈদ্যুতিক আর্ক ফার্নেস রূপান্তরে সহায়তা করবে। অর্থায়ন চুক্তিটি বাস্তবায়ন হলে ইস্পাত শিল্পে হাজার হাজার কর্মসংস্থান নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।










