বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে প্রাইম ব্যাংক।
সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন চট্টগ্রামের জননী খাদ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী বন্দনা নাথ, ঢাকার ইনক্রেডিবল প্রা. লি.-এর স্বত্বাধিকারী মো. তৌকির আহাম্মেদ, ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, নরসিংদীর মেসার্স খলিল টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. খলিল মিয়া, ফরিদপুরের মেসার্স সুকুমার ভাণ্ডারের স্বত্বাধিকারী সুকুমার সাহা, যাত্রাবাড়ীর সুজন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. তমিজ উদ্দিন এবং দিনাজপুরের সুতার কাব্যের স্বত্বাধিকারী সিরাজুম মনিরা। পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তার ধরন এবং উদ্যোগের প্রকৃতি বিবেচনায় নিয়ে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমাদের উদ্যোক্তাদের অনেক সম্ভাবনা আছে। কিন্তু বৈশ্বিক বাজারে প্রবেশের প্রস্তুতি না থাকায় তাদের এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। প্রাইম ব্যাংকের এ ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এ সময় তিনি এসএমই খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে বলেন, ‘অর্থায়নের জন্য আমাদের দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প তৈরি হয়নি। বিভিন্ন দেশে পুঁজিবাজারই বিনিয়োগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে।’
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘এমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি, যা কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন, স্থানীয় শিল্পের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই ব্যবসায়িক চর্চার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিই ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করে যাচ্ছে এবং দেশের উদ্যোক্তাদের জন্য সহজতর আর্থিক সেবা, ডিজিটাল ব্যাংকিং ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান করছে। আজকের এ স্বীকৃতি উদ্যোক্তাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং একটি উদ্ভাবননির্ভর ও টেকসই অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
প্রাইম ব্যাংকের এএমডি এম নাজিম এ চৌধুরী বলেন, ‘এসএমইই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। সম্ভব হলে আমরা সব উদ্যোক্তাদেরই সম্মাননা জানাতাম। সেটি বাস্তব নয় বলেই আমরা নির্বাচিত কিছু উদ্যোক্তাদের সম্মাননা জানিয়েছি। এসএমইদের উৎসাহিত করতে আমাদের এমন উদ্যোগ সবসময় চালু থাকবে।’










