জীবনযাপন ব্যয় বৃদ্ধিতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নাম লেখাল সিঙ্গাপুর। বিত্তশালীদের পণ্য ও পরিষেবা ব্যয় বৃদ্ধিতে প্রথমবারের মতো তালিকায় শীর্ষে উঠে এল বাণিজ্য নগরীটি। দ্বিতীয় ও তৃতীয় ব্যয়বহুল শহরের তালিকায় নাম লেখাল সাংহাই ও হংকং। সুইজারল্যান্ডভিত্তিক সম্পদ ব্যবস্থাপক কোম্পানি জুলিয়াস বেয়ারের ‘গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সিঙ্গাপুরে গাড়ি ও স্বাস্থ্য বীমা ব্যয় বৈশ্বিক গড়ের চেয়ে বেড়েছে যথাক্রমে ১৩৩ ও ১০৯ শতাংশ। ২০২২ সালে বিশ্বের পঞ্চম ব্যয়বহুল শহর ছিল সিঙ্গাপুর। এবার হংকং, লন্ডন ও নিউইয়র্কের মতো শহরকে পিছিয়ে ফেলে শীর্ষে উঠে আসে বাণিজ্য নগরীটি। গত বছর শীর্ষস্থান নেয়া সাংহাই এবার দ্বিতীয় স্থানে নেমে আসে। প্রথম এশীয় দেশ হিসেবে কভিড বিধিনিষেধ প্রত্যাহার করেছিল সিঙ্গাপুর। গত কয়েক বছরে বিত্তশালীদের পছন্দের একটি শহরে জায়গা করে নেয় এটি। তবে আবাসন, শিক্ষা ও জীবনযাপন ব্যয় আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। এতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে দাঁড়ায় সিঙ্গাপুর। প্রথমবারের মতো ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ ১০-এ জায়গা পেয়েছে দুবাই। উপসাগরীয় শহরটির অবস্থান সপ্তম। গত বছর দ্বিতীয় ব্যয়বহুল শহর হলেও এবার চতুর্থ স্থানে নেমে আসে লন্ডন।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
জীবনযাপন ব্যয় বৃদ্ধিতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নাম লেখাল সিঙ্গাপুর।










