কফি রফতানিতে উল্লম্ফন দেখিয়েছে উগান্ডা। দেশটির কফি উন্নয়ন কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, অক্টোবরে উগান্ডার কফি রফতানি গত বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
উগান্ডা আফ্রিকার বৃহত্তম কফি রফতানিকারক। আর মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে, ২০২২ সালে উগান্ডা কফি রফতানিতে বিশ্বের চতুর্থ শীর্ষ স্থান দখল করেছে। ওই বছর দেশটি ৬০ কেজি ওজনের ৬৫ লাখ ১৫ হাজার ব্যাগ কফি রফতানি করেছে। একই বছর দেশটি ৬৫ লাখ ৬৫ হাজার কফি উৎপাদন করেছিল।
কফি রফতানি থেকে আয় দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। উগান্ডা কফি ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব আফ্রিকার দেশটি অক্টোবরে ৪ লাখ ৭০ হাজার ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) বেশি কফি রফতানি করেছে। এতে রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেলেও রফতানি আয় বেড়েছে আরো বেশি। গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের একই মাসে দেশটির রফতানি আয় ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ ডলারে।
ইউসিডিএ জানায়, দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভালো ফলন ও বৈশ্বিক বাজারে কফির ভালো দামের কারণে চলতি বছর মাসিক রফতানির পরিমাণ গত বছরের চেয়ে বেশি হয়েছে।










