ব্রাজিলে সয়াবিন ও ভুট্টা উৎপাদন আরো বাড়ার পূর্বাভাস মিলেছে। এ বছর উৎপাদন রেকর্ড স্পর্শ করতে পারে। গতকাল এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সাপ্লাই কোম্পানি কোনাব।

যুক্তরাষ্ট্রে অব্যাহত ব্রাজিলিয়ান সয়াবিন ও ভুট্টার চাহিদা বৃদ্ধি দেশটির কৃষকদের আবাদ বাড়াতে উৎসাহিত করেছে। অন্যদিকে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হয়েছে। ফলে দেশটির রফতানিও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কোনাব ‍জানায়, ব্রাজিলে জমি থেকে সয়াবিন উত্তোলন কার্যক্রম শেষের পথে। এ বছর দেশটিতে উৎপাদন হতে পারে ১৫ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার টন সয়াবিন। মে মাসের তুলনায় উৎপাদন পূর্বাভাস দশমিক ৬ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছরের চেয়ে উৎপাদন বাড়তে পারে ২৪ শতাংশ।

অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ের ভুট্টা সংগ্রহ কার্যক্রমও চলছে। কোনাব জানায়, এ পর্যায়ে দেশটিতে ৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার টন ভুট্টা উৎপাদন হতে পারে। গত মাসের তুলনায় উৎপাদন পূর্বাভাস দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছরের চেয়ে উৎপাদন বাড়বে ১২ দশমিক ১ শতাংশ। দেশটিতে মোট ভুট্টা উৎপাদন দাঁড়াতে পারে ১২ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টন। গত বছরের চেয়ে উৎপাদন ১১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে।