যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে ২০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান কিয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি প্লান্টে আগামী বছর থেকে ইভিনাইন এসইউভির উৎপাদন করবে তারা। খবর রয়টার্স।
কোরিয়ান গাড়িনির্মাতা কোম্পানিটি জানিয়েছে, তারা জর্জিয়া প্লান্টের ওয়েস্ট পয়েন্টে চারটি মডেলের পাশাপাশি তিন সারির এসইউভি নির্মাণ করবে, যা বাস্তবায়ন হলে ২০০ জনের কর্মসংস্থান হবে। উত্তর আমেরিকায় কিয়া নির্মিত প্রথম বৈদ্যুতিক গাড়ি হবে এটি। গাড়ি নির্মাতারা যখন গ্যাসচালিত গাড়ি তৈরির যুগ থেকে ক্রমেই বেরিয়ে আসছেন, তখন কিয়াও বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির দিকে ঝুঁকছে।
জর্জিয়ায় ইভি ও ব্যাটারি তৈরিতে বিনিয়োগের পরিমাণ ক্রমেই বাড়ছে। বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা রিভিয়ান অটোমোটিভ রাজ্যটিতে ৫০০ কোটি ডলারের একটি প্লান্ট তৈরি করছে। অন্যদিকে হুন্দাই মোটর গ্রুপ ও এসকে অন গত ডিসেম্বরে বলেছিল, তারা জর্জিয়ায় কিয়ার গাড়ি সংস্থাপন প্লান্টে সরবরাহ করার জন্য একটি নতুন ব্যাটারি উৎপাদন কারখানা তৈরি করবে।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, ‘ইভি সাপ্লাই চেইনে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত জর্জিয়ায় ২ হাজার ২৭০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে এবং ২৮ হাজার ৪০০টিরও বেশি পদে চাকরির সুযোগ সৃষ্টি করেছে।’










