২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। আগামীকাল বুধবার নতুন অর্থবছরের এ বাজেট কার্যকর হবে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এ বাজেট অনুমোদন পায়। এদিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী। গতকাল সোমবার করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে করছাড়ের ৬৪টি সংশোধনীসহ অর্থ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়।
গতকাল বিলটি পাসের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনেন। সংশোধনীতে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির পাশাপাশি জমি-ফ্ল্যাট ও ব্যাংক হিসাব খোলাসংক্রান্ত টিআইএন এবং বিনিয়োগের তথ্য প্রকাশের বিধান প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া, প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ কর বহাল রাখার কথা বলা হলেও চূড়ান্ত অর্থ বিলে তা অর্ধেক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অন্যদিকে অনলাইন ওটিটি প্লাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিন ও অনলাইন মার্কেটপ্লেসে বিজ্ঞাপন প্রচারের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এতে আনুষ্ঠানিক ও বৈধ চ্যানেলের ব্যবহার বাড়বে, হুন্ডির মাধ্যমে বিদেশে অনানুষ্ঠানিক অর্থ প্রদান কমবে এবং কর পরিপালন বৃদ্ধি পাবে।










